এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
LACE প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির সূচনা হয়। প্রথমে একটি সচেতনতামূলক র্যালি বিদ্যালয়ের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা তিন ধরনের গাছ লাগাচ্ছি ফলজ, বনজ ও ঔষধি গাছ। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এসব গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করতে হবে। একটি গাছ বড় হয়ে ওঠার পেছনে যত্নের বিকল্প নেই।
অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক ও বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।