নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের তিন নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তিন আসামি, সাত মাদকসেবী ও চারজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন সাহাপুর গ্রামের মো. হোসেন (৩৩), মহজমপুর গ্রামের কাজী কাওসার (৪০) ও নোয়াগাঁও ইউনিয়নের ভৌমিক পাড়ার নেহাল মেম্বর (৪৫)।
তাঁদের মধ্যে হোসেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপজেলা সদস্য, কাওসার জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও থানা যুবলীগের সদস্য এবং নেহাল নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ ছাড়া অভিযানে সাত মাদকসেবী ও চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কান্দারগাঁও, ছয়হিস্যা, ভবনাথপুর, পূর্ব বেহাকৈর, বড়ই বাড়ী, তিলাব, গোয়ালদী, দৈলেরবাগ ও কলতাপাড়া এলাকার বাসিন্দারা। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।