October 28, 2026, 2:42 pm

আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপকের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় ডা. জাহিদ হাসান রিপককে শোকজ করা হয়েছে এবং তার প্রাথমিক সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে জবাব দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

ড্যাব মহাসচিব আরও বলেন, আপাতত ঘটনায় একজনের নাম সামনে এসেছে। তিনি একা ছিলেন, নাকি তার সঙ্গে আরও কেউ ছিলেন, তা তদন্ত করে দেখা হবে।

প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ওঠে ড্যাবের কর্মীদের বিরুদ্ধে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা