October 22, 2026, 12:51 am

মহেশপুরে পারিবারিক কলহের জেরে জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার শ্বশুর

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক বিরোধের জেরে জামাই গোলাম রহমানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, কুড়ালের আঘাতে গুরুতর আহত গোলাম রহমান অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদা নাইড়ি পাড়ার কারী গোলামের ছেলে। অন্যদিকে অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান গোলাম রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় গোলাম রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোলাম রহমানের মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে জানানো যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা