October 7, 2026, 8:03 pm

আবারও আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । ছবি: সংগৃহীত

রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী এমপিদের ফের আটক, দিল্লিতে ভোটার তালিকা নিয়ে উত্তেজনা

ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে আপত্তি এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে আবারও আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লির যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে তাদেরসহ বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যকে আটক করে দিল্লি পুলিশ।

এ নিয়ে টানা দ্বিতীয় দিন রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করা হলো। এর আগে মঙ্গলবারও নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিলের সময় তাদের আটক করা হয়েছিল।

বুধবার ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে রওনা হন। এর আগে মধ্য দিল্লির জনপথ এলাকায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আয়োজনে বৈঠকে বসেন তারা। বৈঠকে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগ এবং সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে রাহুল, প্রিয়াঙ্কাসহ বিরোধী সংসদ সদস্যরা বাসে করে যন্তর মন্তরের উদ্দেশে রওনা হন। পথে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাস আটকে দেয়। পরে কয়েকজন নেতাকে বাস থেকে নামিয়ে আটক করা হয়। অন্য নেতাদের আটক করতে গেলে ইন্ডিয়া জোটের কয়েকজন সংসদ সদস্য রাস্তায় বসে পড়েন।

পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালেও রাহুল ও প্রিয়াঙ্কা সরে যেতে রাজি হননি। একপর্যায়ে প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় শুয়ে অবস্থান নেন। পরে পুলিশ তাদের দুজনকেই বাসে তুলে নেয়।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। তারা এ বিষয়ে নির্বাচন কমিশনের জবাবদিহি এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে। ইন্ডিয়া জোট জানিয়েছে, তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, যন্তর মন্তরে বিক্ষোভ বা সমাবেশ করতে হলে আগে অনুমতি নেওয়া প্রয়োজন। পুলিশের বক্তব্য, এবারের কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এ কারণে যন্তর মন্তরে যাওয়ার পথে বিরোধী সংসদ সদস্যদের আটকে দেওয়া হয়।

রাহুল গান্ধী বলেন, বিরোধী সংসদ সদস্যরা যন্তর মন্তরে গিয়ে শান্তিপূর্ণভাবে বসতে এবং ভোটার তালিকা নিয়ে তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে ইন্ডিয়া জোটের মিছিল আটকে দেয় পুলিশ। পরে আকাশবাণী ভবনের কাছে অবস্থান নেন রাহুল, প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা। কয়েক ঘণ্টা অবস্থানের পর পুলিশ তাদের সরিয়ে আটক করে।

বুধবারের ঘটনাকে ঘিরে দিল্লিতে নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আন্দোলন আরও জোরালো হওয়ার পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও বেড়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা