October 7, 2026, 6:33 pm

সৌদি আরব আক্রান্ত হলে সর্বাত্মক সহায়তার প্রস্তুতি পাকিস্তানের

মক্কা প্রতিরক্ষা চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও সামরিক বিশ্লেষক জাহেদ মাহমুদ। তবে আঞ্চলিক উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপের আগে কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হুথি গোষ্ঠীর ধারাবাহিক হুমকির মধ্যে উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদলের রিয়াদ সফর প্রসঙ্গে জাহেদ মাহমুদ বলেন, এটি পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গঠিত ‘মক্কা চুক্তি’র জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। আগ্রাসন প্রতিরোধ ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যেই এই সহযোগিতা কাঠামো গড়ে উঠেছে।

তিনি বলেন, জোটের কার্যক্রমকে শুধু সামরিক হস্তক্ষেপের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সামরিক পদক্ষেপের আগে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করা প্রয়োজন। তবে সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে এবং সহায়তার প্রয়োজনীয় সময় এলে পাকিস্তান রিয়াদকে ‘সর্বাত্মক উপায়ে’ সহযোগিতা করবে।

জাহেদ মাহমুদ আরও বলেন, আনুষ্ঠানিক কোনো চুক্তি না থাকলেও মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্কা চুক্তি দুই দেশের দীর্ঘদিনের সামরিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

এদিকে সৌদি আরবের প্রতি প্রতিরক্ষা প্রতিশ্রুতি বজায় রেখেও পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখতে পারে বলে মনে করেন তিনি। তার মতে, ইসলামাবাদের এই অবস্থান ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: আল আরাবিয়া

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা