সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ফের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সোমবার (৫ অক্টোবর) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গোষ্ঠীটির সামরিক শাখা।
হুথিদের এক সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি হামলার জবাব হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই অভিযান পরিচালনা করেছে।
মুখপাত্রের দাবি, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে। এতে বিমানবন্দরটির বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
এর আগে একই দিন সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দেয় হুথিরা। গোষ্ঠীটি জানায়, মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের পুরো আকাশসীমা তাদের হামলার আওতায় থাকবে।
হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়, এই সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আকাশসীমায় বিমান চলাচল অব্যাহত রাখলে এর ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায় তারা নেবে না।
সূত্র: মিডল ইস্ট আই