ইয়েমেনে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। সোমবার (৫ অক্টোবর) নতুন অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হুতিদের বিভিন্ন অবস্থানে এক হাজারের বেশি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী।
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারের জন্য এ অভিযান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে লোহিত সাগরের উপকূলীয় বিস্তীর্ণ এলাকা ও বাব আল-মান্দেব প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছিল সরকারি বাহিনী।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, হুতিদের কামান ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র, প্রতিরক্ষা স্থাপনা, সরবরাহপথ, লজিস্টিক অবকাঠামো এবং অতিরিক্ত সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। পরে বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবিও করেন তিনি। তবে হুতি-সমর্থিত সংবাদমাধ্যম এ দাবি অস্বীকার করেছে।
এদিকে সরকারি বাহিনীর অভিযানের মধ্যেই হুতিদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। রোববার গুরুত্বপূর্ণ শহর তাইজকে কার্যত ঘিরে ফেলার পাশাপাশি শহরটির সঙ্গে এডেনের প্রধান সরবরাহপথ বিচ্ছিন্ন করার দাবি করা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ প্রদেশ ও আশপাশের এলাকায় দুই পক্ষের সংঘর্ষে এক দিনে ৭০ জনের বেশি নিহত হয়েছেন। এর আগে শুক্রবারের সংঘর্ষে ৮০ জন যোদ্ধা নিহত হওয়ার খবরও জানিয়েছিল সংস্থাটি।
লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ। এই পথে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করায় প্রণালিটির নিয়ন্ত্রণ ঘিরে সংঘাত বাড়লে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহেও প্রভাব পড়তে পারে।
সূত্র: সিবিএস নিউজ