নিজস্ব প্রতিবেদক,মোহাম্মদ আসাদ :
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু হানিফ (৩৯) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ।
রোববার রাতে উপজেলার পশ্চিম দত্তেরচর এলাকায় আনিছ মিয়ার মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আবু হানিফ উপজেলার রামরামপুর পানাতিপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ পুলিশের একটি দল পশ্চিম দত্তেরচর এলাকায় অভিযান চালায়। এ সময় মুদি দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় আবু হানিফকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে জামালপুর জেলা আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবাসহ আবু হানিফকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।