October 6, 2026, 3:34 pm

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত অন্তত ৩০

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একুয়াটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একুয়াটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এজেন্স কঙ্গোলাইস প্রেসকে জানান, রাজধানী কিনশাসা থেকে আসা ‘দ্যু সে ক্যাশ’ নামের একটি ধাতব নৌকার সঙ্গে বুসিংগা থেকে আসা ‘এইচবি সুপার ভিক্টোরিয়া’ নামের কাঠের নৌকার সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি নৌকা ডুবে গেলে বহু যাত্রী পানির নিচে আটকা পড়েন। পরে অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে রাতে নৌযান চলাচলের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, কিনশাসা থেকে আসা নৌকাটিতে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত মালামাল ছিল।

ডিআর কঙ্গোতে নৌ দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে রাতে নৌযান চলাচল, অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং দুর্গম এলাকায় দুর্বল অবকাঠামোকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক নৌ দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে গত জুলাইয়ে কাসাই প্রদেশে রাষ্ট্রীয় পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে ফেরার পথে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জন নিহত হন।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা