October 6, 2026, 3:33 pm

বিবি রোডে হকারদের শেষ সতর্কবার্তা:যানজট ও হকারমুক্ত করতে সমন্বিত কঠোর অভিযান শুরু হচ্ছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী বিবি রোডকে হকারমুক্ত করতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। নির্ধারিত স্থান ছেড়ে বিবি রোডের ফুটপাত কিংবা মূল সড়কে হকার বসলে তাৎক্ষণিক উচ্ছেদসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবি রোডে নতুন করে কোনো হকার বসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এবং এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ইতোমধ্যে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করেছেন। রেললাইনের পাশে হকারদের জন্য অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এবং স্থায়ী পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র বলছে, অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও অভিযান শেষ হওয়ার পর আবারও হকাররা বিবি রোডে ফিরে এসেছেন। ফলে এবার শুধু উচ্ছেদ অভিযান চালিয়েই থেমে থাকতে চায় না প্রশাসন। উচ্ছেদের পর যাতে কেউ পুনরায় ফুটপাত দখল করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও পণ্য অপসারণের পাশাপাশি জরিমানাসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিবি রোড নারায়ণগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের ফুটপাত ও বিভিন্ন অংশ হকারদের দখলে থাকায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ এবং তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ব্যস্ত সময়ে পথচারীদের বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতে হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, বিবি রোডকে হকারমুক্ত ও যানজটমুক্ত রাখতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা ইতোমধ্যে হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণের বিষয়ে সিটি করপোরেশনের সাথে সমন্বয় করেছি। এরপরও কেউ যদি নির্ধারিত স্থান ছেড়ে বিবি রোডের ফুটপাত বা মূল সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করে, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযানসহ আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পথচারীদের নির্বিঘ্ন চলাচল ও শহরের শৃঙ্খলা ফেরাতে কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

প্রশাসনের বার্তা একেবারেই পরিষ্কার— হকারদের ব্যবসার সুযোগ থাকবে, তবে নির্ধারিত স্থানেই। মূল সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসার সুযোগ আর দেওয়া হবে না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা