নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১) একটি দল। তবে অভিযানের সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।
পরে এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জিডিমূলে সোনারগাঁও থানায় জমা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক নির্মূল ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।