October 6, 2026, 3:34 pm

ধানমন্ডি লেকের পাশে হবে ‘নজরুল সরোবর’

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ধানমন্ডি লেককে আধুনিক সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবীন্দ্র সরোবরের আদলে লেকের পাশে ‘নজরুল সরোবর’ নামে একটি সাংস্কৃতিক পরিসর নির্মাণ করা হবে। পাশাপাশি লেকের তলদেশের কাদা ও বর্জ্য অপসারণ, পানি শোধন, পাড়ের সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

মঙ্গলবার (৬ আগস্ট) ধানমন্ডি লেক পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, লেকের তলদেশ পরিষ্কারের পরপরই পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ শুরু হবে। শিশুদের বিনোদনের জন্য স্পিডবোটের ব্যবস্থাসহ ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও অন্যান্য অবকাঠামোও পর্যায়ক্রমে সাজানো হবে।

ডিএসসিসি জানায়, ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ও গড়ে ৫৬ মিটার প্রশস্ত ধানমন্ডি লেকে জমে থাকা প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ অপসারণ করা হবে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণে দুটি ভাসমান এক্সকাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে। প্রায় এক বছর মেয়াদি এ পুনঃখনন প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা।

১৯৬০-এর দশকে পুরোনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে গড়ে ওঠা ধানমন্ডি লেকের আয়তন প্রায় ৮৬ একর। বর্তমানে এর মধ্যে জলাশয়ের পরিমাণ প্রায় ৫৫ একর।

ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগ বলছে, দীর্ঘদিনের জলাবদ্ধতা, অবকাঠামোগত ক্ষয় ও পরিবেশগত ক্ষতি দূর করে লেকটিকে আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। এর মধ্যে লেক ও অবকাঠামো সংস্কারে ৫০ কোটি এবং ‘নজরুল সরোবর’ নির্মাণে ২৫ কোটি টাকা ব্যয় করা হবে।

পরিকল্পনার আওতায় লেকের পাড় সুরক্ষা ও ঢাল স্থিতিশীলকরণ, আধুনিক নিষ্কাশন ব্যবস্থা, হাঁটার পথ সংস্কার, আলোকসজ্জা, সীমানাবেষ্টনী ও নিরাপত্তা রেলিং মেরামত করা হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, অ্যানাউন্সমেন্ট সিস্টেম ও নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।

বিনোদনের জন্য লেকে তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার ও পার্কিং সুবিধা রাখা হবে। উদ্ভিদের চিকিৎসার জন্য ‘ট্রি হাসপাতাল’, নিরাপদ খাবার পানি ও জনবান্ধব শৌচাগারের ব্যবস্থাও থাকবে।

অন্যদিকে, কবি নজরুল ইনস্টিটিউটের বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ‘নজরুল সরোবর’। এখানে নজরুলসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা আয়োজনের জন্য উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার ও গ্রিনরুম থাকবে।

এ ছাড়া নজরুলের জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনাকে তুলে ধরতে থাকবে বুক কর্নার, লাইব্রেরি, তথ্যফলক, নগর বন, প্লাজা ও লেকের ঘাট। কবি কাজী নজরুল ইসলামের পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফেও থাকবে।

ডিএসসিসি জানিয়েছে, লেকের তলদেশ থেকে স্লাজ অপসারণের পরপরই লেকের মূল সংস্কারকাজের পাশাপাশি ‘নজরুল সরোবর’ নির্মাণের কাজও একযোগে শুরু করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা