October 7, 2026, 6:35 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফাইল ছবি

ইরানের নেতৃত্বে কে, জানে না ওয়াশিংটন: ট্রাম্প

ইরানের সামরিক শীর্ষ নেতৃত্ব ধ্বংস হওয়ার পর বর্তমানে দেশটি কে পরিচালনা করছে, তা ওয়াশিংটন জানে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পরবর্তী সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘তাদের প্রথম সারির নেতারা চলে গেছেন, দ্বিতীয় সারির নেতারাও নেই। আমার সবচেয়ে বড় সমস্যা হলো, দেশটি এখন কে পরিচালনা করছে তা কেউ জানে না।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি তার স্থলাভিষিক্ত হন। তবে এরপর থেকে তিনি জনসম্মুখে আসেননি।

ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, তেহরানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং প্রতিনিধিরা কারা, তা ওয়াশিংটন ভালোভাবেই জানে। বরং মার্কিন কর্মকর্তাদের পরস্পরবিরোধী অবস্থান ও বিভ্রান্তিকর বক্তব্যই মূল সমস্যা বলে মন্তব্য করেন তিনি।

এদিকে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের প্রচারে যাওয়ার আগে ইরানকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে সহজ পথ অথবা কঠিন পথ বেছে নিতে হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ত্যাগ করেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্প ডেভিডে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বৈঠকের পর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নাকি কূটনৈতিক সমঝোতা, তা নিয়ে ওয়াশিংটনে আলোচনা চলছে। অন্যদিকে রয়টার্সকে দেওয়া তথ্যে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালালে এবার ব্যাপক ও কঠোর পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধ ৮ এপ্রিল যুদ্ধবিরতিতে শেষ হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো কাটেনি। সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে, যা আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ তৈরি করছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা