October 7, 2026, 6:33 pm

নারীকণ্ঠে প্রবাসীর সঙ্গে প্রেম, মোবাইলে বিয়ে; ৩ লাখ টাকা হাতিয়ে বাবা-ছেলে গ্রেপ্তার

নাটোরের লালপুরে সুন্দরী তরুণীর ছবি ব্যবহার করে ‘সুমাইয়া আক্তার’ নামে ফেসবুক ও ইমো অ্যাকাউন্ট খুলে ইতালীপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে শান্ত ইসলাম (২০) নামে এক তরুণের বিরুদ্ধে। নারীকণ্ঠে কথা বলে ওই প্রবাসীকে বিশ্বাস করানোর পর মোবাইল ফোনে বিয়েও করেন তিনি। পরে জমি কেনাসহ নানা অজুহাতে তিন লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শান্ত ও তার বাবা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার গন্ডবিল গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে ‘সুমাইয়া আক্তার’ নামে খোলা ফেসবুক আইডির মাধ্যমে ইতালীপ্রবাসী খোরশেদ আলমের সঙ্গে শান্ত ইসলামের পরিচয় হয়। এরপর ফেসবুক, ইমো ও মেসেঞ্জারে নিয়মিত নারীকণ্ঠে কথা বলে খোরশেদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। প্রায় তিন মাস আগে ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে খোরশেদকে বিয়েও করেন শান্ত।

প্রবাসী খোরশেদের সঙ্গে ‘শ্বশুর’ পরিচয়ে কথা বলতেন শান্তর বাবা শহিদুল ইসলাম। জমি কেনার কথা বলে বিভিন্ন সময়ে খোরশেদের কাছ থেকে তিন লাখের বেশি টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, শান্ত ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মোবাইল ফোনে প্রতারণার বিষয়টি পুলিশকে জানান ইতালীপ্রবাসী খোরশেদ আলম। ‘সুমাইয়া’ পরিচয়ে বিয়ের পর জমি কেনা ও অন্যান্য অজুহাতে তার কাছ থেকে তিন লাখের বেশি টাকা নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, শান্ত ইসলাম ও তার বাবা শহিদুল ইসলামের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা