জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের রাতভর হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমানের একটি ডানা ভেঙে গেছে বলে জানা গেছে। এছাড়া প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হলেও পরে সেগুলো আবার সার্ভিসে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সিবিএস নিউজের সাংবাদিক ও জাতীয় নিরাপত্তা বিষয়ক সমন্বয়কারী জেনিফার জেকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। তিনি সিবিএসের জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী প্রযোজক জিম লাপোর্টার দেওয়া তথ্যের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেন।
জেকবস জানান, হামলায় ‘ওয়ার্থগ’ নামে পরিচিত এ-১০ থান্ডারবোল্ট বিমানটি সরাসরি আঘাতের শিকার হয়। এতে বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে, প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতির মুখে পড়লেও সেগুলো দ্রুত মেরামত করে পুনরায় ব্যবহারে নেওয়া হয়েছে।
হামলা প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বলে জেকবসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: রয়টার্স, সিবিএস নিউজ