September 11, 2026, 8:15 am

সংসদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি

বিদেশের বিভিন্ন কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে যশোর-৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলোর কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের কারাগার ও ডিটেনশন সেন্টারে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক আটক বা বন্দি রয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর এসব নাগরিক সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত হন। ফলে তাদের বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নিতে গিয়ে স্বাগতিক দেশের আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়।

তিনি জানান, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে আটক হওয়ার তথ্য পেলে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস বা মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে। এ সময় বন্দির সঙ্গে সাক্ষাৎ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলা সম্পর্কে পরামর্শ এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের জন্য বাংলাদেশি মিশন প্রয়োজনীয় প্রচেষ্টা চালায়। আর বন্দির পরিবার নিজ উদ্যোগে আইনজীবী নিয়োগ করতে চাইলে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো বন্দির জরিমানা পরিশোধের প্রয়োজন হলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জরিমানা পরিশোধের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেশে ফেরার জন্য বিমানের টিকিটের ব্যবস্থাও করা হয়। পরিবারের পক্ষে প্রত্যাবাসনের খরচ বহন করা সম্ভব না হলে সরকারি অর্থে সেই ব্যয় বহন করা হয়।

কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত দেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যুর ব্যবস্থা করা হয় বলেও জানান তিনি। দেশে ফেরার সময় বিমানবন্দরে প্রয়োজনীয় প্রটোকলসহ অন্যান্য আনুষ্ঠানিকতাও সম্পন্ন করতে সহযোগিতা করা হয়।

ড. খলিলুর রহমান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সমন্বয়ে বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলো এসব সেবা দিয়ে থাকে।

ক্ষেত্রবিশেষে স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার জন্যও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটক বাংলাদেশি নাগরিক এবং মিয়ানমারে আটক তিন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই একটি বিশেষ পোর্টাল চালু করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা