September 11, 2026, 8:15 am

এআই সম্পাদিত প্রতীকী ছবি :

সব জেলায় বিনামূল্যে দুই মাসের এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে দুই মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের সব জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে যাতায়াত ও খাবার বাবদ প্রতিদিন ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষ এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। একই সঙ্গে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক।

তবে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের প্রাথমিক বাছাইয়ের পর ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে শুরু হবে প্রশিক্ষণ কার্যক্রম, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা