August 9, 2026, 10:18 am

প্রধানমন্ত্রীর সফরে চট্টগ্রামে মানুষের ঢল, অপেক্ষায় বাহারছড়ার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর সফরে চট্টগ্রামে মানুষের ঢল, অপেক্ষায় বাহারছড়ার বাসিন্দারা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় হাজারো মানুষ প্রখর রোদ উপেক্ষা করে জড়ো হয়েছেন। সকাল থেকেই পায়ে হেঁটে, মোটরসাইকেল, অটোরিকশা ও বিভিন্ন যানবাহনে করে তারা অনুষ্ঠানস্থলের দিকে ছুটছেন। সমুদ্রের ঢেউ আর রৌদ্রের উত্তাপের মধ্যেই তারা অপেক্ষার প্রহর গুনছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকার গঠনের পর চট্টগ্রামে এটি তার প্রথম সফর।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাহারছড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষ প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার প্রত্যাশায় অবস্থান নিয়েছেন।

এর আগে রোববার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, মহেশখালীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বাঁশখালীতে আসবেন। এরপর দুপুর ২টায় হেলিকপ্টারে ফটিকছড়িতে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাঁশখালীতে সকাল থেকেই মানুষের অপেক্ষা- কখন দেখা মিলবে প্রধানমন্ত্রীর।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা