জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ জানুয়ারি শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, যা চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার আবেদনের জিপিএ শর্তে পরিবর্তন এনেছে। আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৭.০০ থাকতে হবে, যেখানে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মোট জিপিএ ৬.০০ এবং কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৬.০০ এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট জিপিএ ৫.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষের তুলনায় ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের জিপিএ শর্ত কমানো হয়েছে।