আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ফোনালাপ প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। এই ফোনালাপে জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় প্রথম দফায় ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেন কাদের।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফোনালাপের কল রেকর্ডটি দাখিল করা হয়। মামলাটিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন গাজী এমএইচ তামিম।
ফোনালাপে কাদেরকে বলতে শোনা যায়, ‘নেটটা একটু স্লো করে দাও।’ জবাবে পলক বলেন, ‘একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?’ কাদের তখন বলেন, ‘নিয়ে নাও।’ পলক পরে জানান, শেখ হাসিনার অনুমতি নিয়ে বিষয়টি করতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) কাদেরের সঙ্গে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আরেকটি ফোনালাপও ট্রাইব্যুনালে দাখিল করা হয়, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়েছে।