গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় বর্জ্য অপসারণের নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কে বর্জ্য ফেলা হচ্ছে। এর ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অসহনীয় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। ময়লার কারণে পোকামাকড়ের উপদ্রবও বেড়ে গেছে, যা পরিবেশকে দূষিত করছে।
পৌর কার্যালয় সূত্রে জানা যায়, কোটালীপাড়া পৌরসভা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ১০ দশমিক ৯৬ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ১৮ হাজার ০৯৪ জন মানুষের বসবাস রয়েছে। পৌরসভাটি ২০০৭ সালে দ্বিতীয় শ্রেণিতে এবং ২০১৬ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। তবে দীর্ঘ ২৯ বছরেও পৌর কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা ফেলার জন্য একটি বর্জ্য শোধনাগার নির্মাণ করতে পারেনি।
ফলে, পাড়কোনা পৌরবাস টার্মিনালের সংলগ্ন কোটালীপাড়া-রাজৈর সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা ফেলা হচ্ছে। খোলা জায়গা ও সড়কের পাশে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে চরম বিড়ম্বনায় পড়েছেন যাত্রী, চালক এবং স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা সাবেক পৌর মেয়রদেরকে দায়ী করছেন, কারণ প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে ময়লা ফেলানোর নির্ধারিত জায়গা না থাকা অগ্রহণযোগ্য।
মাহিন্দ্রা ও ভ্যান চালকেরা জানান, বিভিন্ন সময়ে ময়লা পোড়ানোর ফলে দুর্গন্ধের পাশাপাশি ধোঁয়ায় সড়ক আচ্ছন্ন হয়ে পড়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগুফতা হক বলেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং স্থানীয়দের সচেতন করা হবে।