August 9, 2026, 10:17 am

সাতক্ষীরায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, পুলিশ আটক করেছে দুজন

সাতক্ষীরায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, পুলিশ আটক করেছে দুজন

সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ জন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।

হামলায় আহতদের মধ্যে মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, তহিদুল হোসেন ও মাহামুদুল হাসান রয়েছেন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনজুরুল আলম বাপ্পী অভিযোগ করেন, ঘোনা এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসানের একটি কল রেকর্ড তাদের হাতে আসে, যেখানে ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে। বিষয়টি জানার জন্য তিনি ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেনের কাছে গেলে তাকে আটকে রাখা হয়।

বাপ্পী বলেন, জাহিদ হোসেনকে আটকে রাখার খবর পেয়ে তিনি কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। হামলাকারীরা বাঁশের লাঠি ও লোহার রড ব্যবহার করেছেন বলেও দাবি করেন তিনি।

জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান হামলার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। জেলা বিএনপির সদস্যসচিব জাহিদ হাসান ডাবলু অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর হামলা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা