ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক নারী ও তার সহযোগীদের বিরুদ্ধে পুরুষদের ব্ল্যাকমেল করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এভাবে প্রায় ৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা, হাতিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত নারীর নাম পল্লবী সিংহ রাজপুত। হাই কোর্টের এক আইনজীবী তার বিরুদ্ধে যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল ও টাকা আদায়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, পল্লবী সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপের মাধ্যমে পুরুষদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। পরে তাদের সঙ্গে দেখা করে অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করতেন এবং সেগুলো দিয়ে ব্ল্যাকমেল শুরু করতেন।
আইনজীবীর অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ দাবি করা হতো এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে গুরুতর মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হতো। অভিযোগকারীদের দাবি, পল্লবীর মিথ্যা মামলায় অন্তত পাঁচজন কারাভোগ করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পল্লবীর দুটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তিনি বিছানায় ৫০০ টাকার নোটের বান্ডিলের পাশে শুয়ে আছেন। তবে এসব ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।