August 10, 2026, 10:27 am

কারাগারে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে স্কুলছাত্রীর কাছ থেকে উদ্ধার ১০টি গুলি

কারাগারে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে স্কুলছাত্রীর কাছ থেকে উদ্ধার ১০টি গুলি

ভারতের উত্তরপ্রদেশের গোন্ডা জেলার ডিভিশনাল জেলে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক স্কুলছাত্রী বিপাকে পড়েছেন। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) এ ঘটনা ঘটে, যখন কারা কর্তৃপক্ষ তার কাছ থেকে ১০টি তাজা গুলি, একটি জাল আধার কার্ড ও নগদ টাকা উদ্ধার করে।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, কারাগারের প্রধান ফটকে নিরাপত্তা তল্লাশির সময় ওই কিশোরীর পরিচয় নিয়ে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। কারা কর্মকর্তা আফতাব আলম আনসারি জানান, কিশোরী যে নাম ব্যবহার করেছিল, তা তার আধার কার্ডে থাকা নামের সঙ্গে মেলেনি।

তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১০টি গুলি উদ্ধার করা হয়। পরে ওই কিশোরী ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে উদ্ধার করা সামগ্রীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে কিশোরী দাবি করেন, উদ্ধার হওয়া গুলিগুলো তার বাবার বৈধ লাইসেন্সধারী পিস্তলের।

কিশোরী জানায়, তার বাবা রাগী স্বভাবের। প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়টি জানলে তিনি কঠোর পদক্ষেপ নিতে পারেন, এমন আশঙ্কা থেকেই সে গুলিগুলো সঙ্গে নিয়ে এসেছিল। তবে গুলিগুলো তার কাছে কীভাবে এলো এবং জাল আধার কার্ড ব্যবহারের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কিশোরী আরও এক ব্যক্তির সঙ্গে বন্দি হর্ষু কাশ্যপের সঙ্গে দেখা করতে জেলে এসেছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা