সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালান ও মানব পাচারের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন গুরুতর আহত হয়েছেন, যাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডিবির হাওরের লাল শাপলা বিলের ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মাসুক মিয়া (৪৫), হারুন মিয়া (৫৫), মানিক আহমদ (৪০), ফজলু মিয়া (৮০), ও রফিক আহমদ (৫০)। অপর আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কদমখাল গ্রামের রিপন মিয়া এবং কেন্দ্রি হাওর গ্রামের মোস্তোকিন আলীর ছেলেদের মধ্যে পূর্বের বিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তিনি বলেন, "আমি ছুটিতে ছিলাম, বিস্তারিত জানি না। খবর নিচ্ছি, কী হয়েছিল।"