July 22, 2026, 6:15 pm

বিজয়ের বিদায়ী সিনেমা 'জন নয়াগণ' কাল মুক্তি পাচ্ছে

বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নয়াগণ’ কাল মুক্তি পাচ্ছে

তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগণ’ আগামীকাল (২৩ জুলাই) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা বলে ঘোষণা দেওয়ায় সিনেমাটি ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ তুঙ্গে।

মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে আলোচনায় এসেছে সিনেমাটি। চলচ্চিত্র বিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি। তামিল সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় অগ্রিম বুকিং।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই টিকিট বুকিংয়ের গতি কয়েক গুণ বেড়ে যায়। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া তুলনামূলক কম থাকলেও শেষ দিকে তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সবচেয়ে বেশি অগ্রিম বুকিং হয়েছে তামিল সংস্করণের জন্য।

রাজ্যভিত্তিক হিসাবে অগ্রিম বুকিংয়ে শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে আয় হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি এসেছে। ইতোমধ্যে সিনেমাটি বিজয়ের আগের দুই ব্লকবাস্টার ‘লিও’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, প্রথম দিনেই ভারতে ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে ‘জন নয়াগণ’। শেষ মুহূর্তের টিকিট বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি হলে সেই অঙ্ক আরও বাড়তে পারে। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের দিক থেকেও তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে।

এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী। বিজয়ের বিদায়ী সিনেমা হওয়ায় এটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা