জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, তরুণদের জন্য মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তরুণদের বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি উন্নত জাতি গঠনের জন্য সুস্থ জনগণের প্রয়োজন। তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর করার উদ্যোগের কথা জানান।
তিনি বলেন, বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব এবং অপুষ্টির মতো চ্যালেঞ্জগুলো তরুণ প্রজন্মের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সরকার এসব সমস্যা সমাধানে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী তার বাণীতে আশা প্রকাশ করেন, প্রত্যেক তরুণ-তরুণী যদি সমান সুযোগ পায়, তবে তারা আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে।