বন্যাকবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। শুক্রবার (১০ জুলাই) রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এখন পর্যন্ত ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় ১০টি পদক্ষেপের কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্যোগকবলিত এলাকার মনিটরিং করছেন এবং স্থগিত করা হয়েছে ওই অঞ্চলের উচ্চমাধ্যমিক পরীক্ষা। উপদেষ্টা মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানান।
উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, ১,০৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। এছাড়া, ২ কোটি ১৫ লাখ টাকা অনুদান ও ৩,৪৫০ মেট্রিক টন চাল দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
সরকারের নির্দেশনায় দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশুখাদ্য এবং তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জরুরি পরিস্থিতি বিবেচনায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।