জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে এবং জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর সুপার মার্কেটের সামনে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন, যেখানে ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। তিনি দাবি করেন, এবারও ভোট চুরি হয়েছে, তবে ফল প্রকাশের পরে। তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ছিল, কিন্তু বিএনপি সেই ভোট চুরি করেছে।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, কিন্তু এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।
এ সময় নোয়াখালী জেলার সদস্য সচিব কাজী মাইন উদ্দিন তানবিরের সভাপতিত্বে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ অংশ নেন এনসিপি নেতারা।
পদযাত্রাটি জেলা শহরের মফিজ প্লাজার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়।