চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি ঝুয়াং অঞ্চলে বন্যার ফলে একটি সাপের খামার থেকে প্রায় ৯০০টি সাপ পালিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, হেংঝৌ শহরের একটি খামার থেকে সাপগুলো বের হয়ে যায়। ভারী বৃষ্টির কারণে স্থানীয় একটি বাঁধ ভেঙে গেলে আশপাশের এলাকা প্লাবিত হয় এবং খামারটি ক্ষতিগ্রস্ত হয়।
ইউনবিয়াও টাউনশিপের দেংওয়েই গ্রামের কমিটির প্রধান উ ঝি জানান, পালিয়ে যাওয়া সাপগুলোর বেশিরভাগই বিষহীন। তবে এরই মধ্যে এক গ্রামবাসী সাপের কামড়ে আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
উ ঝি বলেন, ‘বন্যার পানিতে অধিকাংশ সাপ ভেসে গেছে। এখন ভাসমান আবর্জনার ওপর অল্প কিছু সাপ রয়েছে। যেসব সাপ ধরা পড়েছে, তার বেশিরভাগই বিষহীন জলজ সাপ।’
স্থানীয় প্রশাসন সতর্ক করে জানিয়েছে, যাদের সাপ ধরার অভিজ্ঞতা বা প্রয়োজনীয় দক্ষতা নেই, তারা যেন নিজেরা সাপ ধরার চেষ্টা না করেন। এদিকে, হেংঝৌর স্থানীয় কর্তৃপক্ষ জরুরি চিকিৎসা প্রস্তুতি জোরদার করেছে এবং হাসপাতালে সাপের বিষের প্রতিষেধকের মজুত বাড়ানো হয়েছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় গুয়াংসিতে অতিরিক্ত ৩৬ হাজারের বেশি ত্রাণসামগ্রী পাঠিয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য।