যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিস বিমানবন্দরের নাম পরিবর্তনের সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন।
প্রায় ৫০ বছর ধরে ‘পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে পরিচিত এই বিমানবন্দরটির নতুন নামকরণ নিয়ে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এটি শিগগিরই বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরে পরিণত হবে।
নাম পরিবর্তনের পরদিন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নিয়ে নতুন নামের বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বলেন, পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক গভীর। বিমানবন্দরের প্রধান সড়কের নামও ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড’ রয়েছে।
নাম পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মতভেদ দেখা গেছে। করপোরেট পাইলট ক্রিস বেইলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে চিকিৎসক জন মানভ এর সমালোচনা করেছেন। তিনি বলেন, পাম বিচ নামটাই ভালো ছিল এবং ট্রাম্পের নামকরণ রুচিসম্মত নয়।
যুক্তরাষ্ট্রে জীবিত প্রেসিডেন্টের নামে সরকারি স্থাপনা নামকরণের প্রথা থেকে সরে আসার এই উদাহরণটি নতুন। একই দিনে টেনেসিতে ‘ডোনাল্ড জে. ট্রাম্প ব্রিজ’ উদ্বোধন করা হয়েছে এবং ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অব পিসের নামেও ট্রাম্পের নাম যুক্ত হয়েছে।