চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে নির্বাচন কমিশন (ইসি) সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানা সংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।
সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার পর জামায়াতের আইনজীবীরা তার বিরুদ্ধে আপিল করেন। তবে হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে এবং সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার অনুমতি দেয়।
হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জামায়াতের আইনজীবীরা এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।