July 9, 2026, 10:29 am

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় টানা বর্ষণ ও বন্যায় পানিবন্দি হয়ে পড়া একটি পরিবার এবং তাদের ৮ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৮ জুলাই) রাতে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের একজন সদস্য গলাসমান পানির মধ্যে একটি রশি ধরে এগিয়ে যাচ্ছেন এবং অন্য হাতে একটি বড় পাতিল ধরে আছেন, যাতে শিশুটিকে নিরাপদে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের কারণে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়ার পুরাতন ব্রিকস এলাকার একটি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আট সদস্যের একটি উদ্ধারকারী দল চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে আটকে পড়া পাঁচ শিশু ও আট নারীসহ একটি পরিবারকে উদ্ধার করে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালীর বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা