প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। তিনি উল্লেখ করেন, এখান থেকে বের হওয়া খুবই জরুরি। সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা তৈরি করা হচ্ছে, তা কাম্য নয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ, তাই সচেতনতা তৈরি করতে হবে।
তিনি নির্বাচনের আগেই দেয়া প্রতিশ্রুতি পূরণে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, কোন পরিবেশে কেমন গাছ লাগাতে হবে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে এবং ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকার অনুরোধ জানান।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক পেয়েছেন তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান। বৃক্ষরোপনে জাতীয় পুরস্কার পেয়েছেন সাত শ্রেণিতে মোট ২১ জন।
গত সোমবার (৬ জুলাই) বিশ্বের ১৭৩টি বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। তালিকা অনুযায়ী, ঢাকার অবস্থান ২০২৫ সালেও একই থাকবে।