ইরানে মার্কিন বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইরানি সেনাবাহিনীর আট সদস্য নিহত হওয়ার পর আজ আইআরজিসির তিন সদস্য নিহত হন। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এই হামলা চালানো হয়।
এছাড়া, বুধবারের পাল্টাপাল্টি হামলাগুলো যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। তবে বৃহস্পতিবারের হামলাটি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে।
মার্কিন হামলার মধ্যে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দেশের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন উপলক্ষে হাজারো মানুষ সড়কে নেমে এসেছেন।
সমাবেশে অনেককে ইরানের জাতীয় পতাকা হাতে দেখা গেছে এবং কিছু মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান সংবলিত প্ল্যাকার্ডও বহন করছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের পরস্পরবিরোধী বার্তা এবং সামরিক হামলার অনুমোদন পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এসব হামলার কারণে সমঝোতা চুক্তি ভেঙে পড়ার সম্ভাবনা বেড়েছে।