আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালীন আইরিন খান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন।
আইরিন খান জাতিসংঘের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশনের নেতৃত্ব দেবেন।
বর্তমানে আইরিন খান জাতিসংঘের মানবাধিকার পরিষদের মতপ্রকাশ ও মতামতের স্বাধীনতাবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের আগস্টে এ দায়িত্ব গ্রহণের পর তিনি আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
আইরিন খান ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিত মুখ। তিনি ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং পরে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।