পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র হামলায় চার দিনে অন্তত ৪২ পুলিশ ও সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন। বুধবার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, বেলুচিস্তানে গত ৬ জুলাই থেকে তিনটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহতদের মধ্যে ৪২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। অপরদিকে, নিরাপত্তা বাহিনী অভিযানে অন্তত ৫৪ সন্ত্রাসীকে হত্যা করেছে।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, গত চার দিনে বেলুচিস্তানে তিনটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, এসব হামলায় ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা জড়িত ছিল।
প্রথম হামলার ঘটনা ঘটে ৪ ও ৫ জুলাইয়ের মধ্যবর্তী রাতে হান্না উরাক এলাকায়। ওই সময় স্থানীয় জনগণের ওপর হামলা চালায় 'ফিতনা আল-খাওয়ারিজ' গোষ্ঠীর সন্ত্রাসীরা। হামলার সময় চার বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হন।
দ্বিতীয় হামলার ঘটনা ঘটে ৬ জুলাই, মাঙ্গি বাঁধের কাছে একটি পুলিশি তল্লাশি চৌকিতে। সন্ত্রাসীদের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হন এবং ১৫ জন সন্ত্রাসী নিহত হয়। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে ২৬ সন্ত্রাসীকে হত্যা করেছে বলে জানানো হয়েছে।