ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে মার্কিন সামরিক সম্পদ সুরক্ষিত রাখতে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইসরায়েল ও আশপাশের দেশে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি। তিনি এই মন্তব্যটি লন্ডন থেকে প্রকাশিত মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে তুলে ধরেছেন।
গত সপ্তাহে জিউইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার আয়োজিত ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে ম্যাকেঞ্জি বলেন, কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে সেন্টকমের ফরোয়ার্ড সদর দপ্তর রাখা কৌশলগতভাবে যৌক্তিক নয়। তিনি উল্লেখ করেন, ইরান থেকে মাত্র ১০০ মাইল দূরে এই ঘাঁটি থাকা উচিত নয়।
ম্যাকেঞ্জি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর সর্বোচ্চ সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, ২০২২ সালে বাইডেন প্রশাসনকে সতর্ক করেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানি হামলার জন্য ঝুঁকিপূর্ণ।
ম্যাকেঞ্জির মতে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবস্থা শীতল যুদ্ধের সময়কার উত্তরাধিকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল মাটির বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও জানান, উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখা উচিত, তবে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি ইসরায়েল, মিশর এবং সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় এলাকায় স্থানান্তর করা উচিত।