July 7, 2026, 3:39 pm

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

জয়পুরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলার সদর উপজেলা ও আক্কেলপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচবিবি পৌর শহরের অটোরিকশাচালক তৌহিদুল ইসলাম (৩৫), আক্কেলপুর উপজেলার মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (৪০) এবং আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারী রয়েছেন। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন— পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ ও এক নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করে।

জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠান। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

একই দিন দুপুরে আক্কেলপুর উপজেলার পাঠানধারা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আক্কেলপুর থানার ওসি মো. শাহীন রেজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা