সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’-পরবর্তী কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে অন্তত তিনজন আহত হয়েছেন।
জাহেদ উর রহমান বলেন, ‘গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এর সঙ্গে জড়িত তাদের তদন্ত করা এবং ধরা।’ তিনি নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য উল্লেখ করে বলেন, ‘এটা তার অধিকার, তিনি সেটা বলতে পারেন।’
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে তিনি জানান, ‘সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনো ২৪ ঘণ্টাও যায়নি। সরকার অবশ্যই গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।’
নাহিদ ইসলাম বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করে বলেন, ‘স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে।’ তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার কথা উল্লেখ করেন।