সাভারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় দুই আসামি নুরুল ইসলাম ও সজিবকে দুই দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার চিফ জিডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক মো. শাহরিয়ার ইমতিয়াজ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া ঘটনার মূল রহস্য উদঘাটন, মূল পরিকল্পনাকারী শনাক্ত ও গ্রেপ্তার করা এবং আসামিদের হেফাজত থেকে আরও বিস্ফোরক উদ্ধার করার জন্য রিমান্ডে নেয়া প্রয়োজন।
এনসিপির ঢাকা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সোমবার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে সাভার থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম ও সজিবকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দলের ৬ নেতাকর্মী আহত হন এবং গুরুতর আহত অবস্থায় ছয়জনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।