সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি আগামী ৮ জুলাই নির্ধারণ করেছে আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানিয়েছেন, মামলার নথি আদালতে না থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে নতুন তারিখ হিসেবে ৮ জুলাই ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করা হয়েছে।
গত ২ জুলাই বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন।
গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় মুক্তি পাননি।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনের সময় মহাখালী সেতু ভবনের সামনে হামলা ও বিস্ফোরণের শিকার হন আন্দোলনকারীরা। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। বর্তমানে খায়রুল হকের বিরুদ্ধে আটটি মামলার সবগুলোতেই জামিন রয়েছে, তবে নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।