অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কোথাও আসামি গ্রেপ্তারে গিয়ে মারধরের শিকার হচ্ছেন, কোথাও আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হচ্ছে। আবার কোথাও পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হচ্ছে বোমা ও ককটেল। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক এসব ঘটনায় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন চার পুলিশ সদস্য। গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৭০ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলন, আসামি গ্রেপ্তার কিংবা নিয়মিত টহল দেওয়ার সময় বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। এসব ঘটনায় কেউ প্রাণ হারাচ্ছেন, আবার কেউ গুরুতর আহত হয়ে স্থায়ী পঙ্গুত্বের ঝুঁকিতে পড়ছেন। পরিস্থিতি বিবেচনায় নিজেদের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ঝুঁকি এড়াতে নিরাপত্তার স্বার্থে রাতে একা চলাচল না করার নির্দেশনাও দেওয়া হয়েছে তাদের।
তবে পুলিশ সদরদপ্তর বলছে, হামলা চালিয়ে পুলিশের মনোবল দুর্বল করা সম্ভব নয়। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ‘পুলিশের মনোবল একদম মজবুত আছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এটি দমানো যাবে না। আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি।’
অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য ও দূরত্বের সুযোগ নিচ্ছে অপরাধীরা। এ কারণে সহিংসতা মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য জরুরি।
অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় ও সদস্যদের লক্ষ্য করে হামলার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও দেশের নিরাপত্তার প্রশ্নে ন্যূনতম ঐক্য বজায় রাখা প্রয়োজন। রাজনৈতিকভাবে সহিংসতা মোকাবিলার উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট ও টহল টিমের সংখ্যা বৃদ্ধি করা জরুরি।