বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষাপটে বাংলাদেশে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি নতুন দাম ঘোষণা করে। নতুন মূল্য মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে, যেখানে প্রতি লিটার ফুয়েলের দাম ০.৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
গত ৭ জুন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম ১.০৮২৩ ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়।
জানা গেছে, বিইআরসি গত বছরের মে মাস থেকে প্রতি মাসে জেট ফুয়েলের দাম পুনর্নির্ধারণ করছে। এর আগে এই দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হাতে। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিইআরসিকে জেট ফুয়েলের দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়।