July 13, 2026, 3:27 pm

পুঠিয়ার পাইকপাড়া ভূমি অফিসে দুর্নীতি ও দালালচক্রের অভিযোগ

পুঠিয়ার পাইকপাড়া ভূমি অফিসে দুর্নীতি ও দালালচক্রের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, ভূমি উপ-সহকারী কর্মকর্তা সুফি এবরার আহমেদ বকসী দালালদের সহায়তায় জমি সংক্রান্ত কাজগুলো পরিচালনা করছেন। সাধারণ মানুষ সরাসরি সেবা নিতে গেলে মাসের পর মাস হয়রানির শিকার হচ্ছেন, অথচ দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিলে দ্রুত সেবা পাওয়া যাচ্ছে।

অফিসের ভিতরে আফান ও দলিল লেখক তাহের আলী নামের দুই দালাল গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ঘাটাঘাটি করছেন বলে জানা গেছে। ভুক্তভোগী সারোয়ার হোসেন জিম ও আব্দুল মালেক অভিযোগ করেন, “এই ভূমি অফিসে টাকা ছাড়া কোনো সেবামূলক কাজ হয় না।” তারা জানান, হোল্ডিং খোলা ও জমির তথ্য সংগ্রহের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে।

অপর ভুক্তভোগী কালাম হোসেন জানান, জমি কেনার তথ্য যাচাই করতে গেলে অফিস সহায়ক রহিমা খাতুন ও রতন কুমার রাম এক হাজার টাকা ঘুষ দাবি করেন। অনলাইনে নামজারির আবেদনের প্রাথমিক কাগজপত্র যাচাইয়ের দায়িত্ব তহশিলদার সুফি এবরার আহমেদের, যিনি অভিযোগ উঠেছে যে তিনি নামজারি প্রতি ১০ থেকে ১২ হাজার টাকা নিচ্ছেন।

এ বিষয়ে তহশিলদার সুফি এবরার আহমেদ বকসী নিজের অনৈতিক সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তবে তিনি ঘুষ লেনদেনের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে বলেন, “আমার অফিসে দুজন সহকারী রয়েছে। তাদের ঘুষ নেওয়ার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।” অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান বলেন, “এরকম কোন অভিযোগ আমার কাছে নাই। কেউ অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা