July 3, 2026, 12:07 pm

প্রান্তিক জনগণের উন্নয়নে সরকারের সহায়তা বিতরণ: এমপি মিলন

প্রান্তিক জনগণের উন্নয়নে সরকারের সহায়তা বিতরণ: এমপি মিলন

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, সরকার প্রান্তিক ও আদিবাসী জনগণের জীবনমান উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। শুক্রবার (৩ জুলাই) পবা উপজেলা পরিষদ সভাকক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক জনগণের শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মধ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বসতঘর বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ১৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ১২০ জনকে শিক্ষাবৃত্তি, ১২ জনকে সেলাই মেশিন এবং ৪টি পরিবারকে বসতঘর প্রদান করা হয়। মোট ২৭ লাখ ১১ হাজার টাকার উন্নয়ন সহায়তা বিতরণ করা হয়েছে। এমপি মিলন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ধারাবাহিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আদিবাসী জনগণ বাংলাদেশের ঐতিহ্যের ধারক এবং তাদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সহায়তা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, পাশাপাশি গৃহহীনদের জন্য বসতঘর নির্মাণ করা হচ্ছে।

পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন, সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগণের পাশে দাঁড়ানো হচ্ছে। তিনি সহায়তাপ্রাপ্তদের সঠিকভাবে উপকরণ ব্যবহারের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সরকারের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

নতুন বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী রত্না বিশ্বাস জানান, তার বাবার পক্ষে সাইকেল কেনা সম্ভব ছিল না। এখন সাইকেল পেয়ে তিনি স্কুলে দ্রুত পৌঁছাতে পারবেন এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা