July 6, 2026, 8:13 pm

বিশেষ শিশুদের সহায়তায় প্রয়াস ও বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশেষ শিশুদের সহায়তায় প্রয়াস ও বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকটি ৬ জুলাই সোমবার বুয়েটের ইসিই ভবনের ৬৩৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বুয়েট ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ মমিনুজ্জামান স্বাগত বক্তব্য দেন। এরপর প্রয়াস ইনস্টিটিউটের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সমঝোতা স্মারকের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল হক।

বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রযুক্তিভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন এবং এই সহযোগিতাকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং প্রয়াস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কর্নেল মো. আলতাফ আলীও বক্তব্য রাখেন।

সমঝোতা স্মারকের আওতায়, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিভিন্ন গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। এতে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (এএসডি) শনাক্তকরণ, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর সেবার মানোন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

এই সমঝোতা স্মারক তিন বছর মেয়াদি এবং উভয় পক্ষের সম্মতিক্রমে নবায়ন করা যাবে। কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা