বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রচারিত হবে। 'গল্প আছে এখানে…' শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। অনুষ্ঠানটি ২০২৬ সালের ১ জুলাই, বুধবার, বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইতে সম্প্রচারিত হবে।
এই প্রামাণ্যচিত্রে সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম, সংগ্রাম এবং সংগীতযাত্রার অজানা অধ্যায় তুলে ধরা হয়েছে। এতে শিল্পী তার শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন এবং সমকালীন শিল্পচর্চা সম্পর্কে খোলামেলা আলোচনা করেছেন।
শাইখ সিরাজ বলেন, “সৈয়দ আব্দুল হাদী বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান আমাদের স্মৃতি এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই প্রামাণ্যচিত্র নতুন প্রজন্মের জন্য একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল।”
সৈয়দ আব্দুল হাদীর সংগীতের পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা এই প্রামাণ্যচিত্রে স্থান পেয়েছে।