‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ নতুন তিনটি উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার ১২১তম বৈঠকে নেওয়া হয়।
নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। পাশাপাশি চট্টগ্রামের ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ উপজেলা এবং ময়মনসিংহের গফরাগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘পাগলা’ উপজেলা গঠন করা হয়েছে।
নতুন ‘হালদা থানা’ চট্টগ্রামের হাটাজারি থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ অন্যান্য মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
এছাড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়নগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।